প্রচ্ছদ > বিনোদন >

কাজের প্রতি ভালোবাসা একজন শিল্পীকে প্রাসঙ্গিক রাখে: অমিতাভ

article-img

বলিউডের শাহেনশাহ অভিনেতা অমিতাভ বচ্চন প্রতি দিনই সামাজিক মাধ্যমে কিছু না কিছু লিখে থাকেন। গত ৪২ বছর ধরে নিয়মিত ভক্ত-অনুরাগীদের সঙ্গে দেখাও করেন নিজের বাড়ির সামনে। সম্প্রতি নিজের ব্লগে এ কিংবদন্তি অভিনেতা জানিয়েছেন, তিনি তার নিরাপত্তারক্ষীদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন— যেন ভক্ত-অনুরাগীদের গায়ে কোনো আঁচ না লাগে। তাদের সঙ্গে যেন সবসময়ে ভদ্র ও সম্মানজনক আচরণ করা হয়। মানুষের প্রতি নিরাপত্তারক্ষীদের আচরণই বলে দেবে অমিতাভ বচ্চন কেমন মানুষ।

অমিতাভ বচ্চনের কাছে ভক্ত-অনুরাগীদের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। বছরের পর বছর ধরে যে অসংখ্য মানুষ তাকে সমর্থন করে আসছেন, তাদের প্রতি তিনি গভীরভাবে কৃতজ্ঞ বলে জানান। অমিতাভ বচ্চন আরও লিখেছেন— ওদের আচরণ দেখেই মানুষ আমার চরিত্র সম্পর্কে ধারণা তৈরি করে। তাই আমি সবসময়ে বলি— ভক্তদের সঙ্গে নম্রভাবে কথা বলতে এবং সম্মান দেখাতে হবে।

৮৩ বছর বয়সেও অমিতাভ বচ্চন তার কর্মনিষ্ঠা ও উদ্যম দিয়ে সবাইকে মুগ্ধ করে চলেছেন। তিনি বলেন, একদিনেই তিনি ১২টি স্বল্পদৈর্ঘ্যের বিজ্ঞাপনী ছবিতে শুটিং এবং ফটোশুট করেছেন। এত ব্যস্ততার পরও গভীর রাতে তিনি ভক্ত-অনুরাগীদের সঙ্গে যোগাযোগ করার জন্য ব্লগে লিখছেন।

এর আগে শিল্পীরা তিন শিফটে কাজ করতেন। কিন্তু সময়ের সঙ্গে সেই হাওয়া বদলেছে। এখন আর সেভাবে কাজ হয় না। বিগবি লিখেছেন, কাজই সব। ভক্তদের সঙ্গে এই সংযোগ বজায় রাখা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা কখনো বন্ধ হওয়া উচিত নয়। এ ঘটনাটি আবার প্রমাণ করে যে, বয়স নয়, কাজের প্রতি ভালোবাসা ও নিষ্ঠাই একজন শিল্পীকে সক্রিয় ও প্রাসঙ্গিক করে রাখে।

তার এই কর্মস্পৃহা দেখে ভক্ত-অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দেন। অনেকেই তাকে অনুপ্রেরণা বলে উল্লেখ করেন। আবার কেউ কেউ অতিরিক্ত কাজের মধ্যে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শও দেন। 

উল্লেখ্য, অমিতাভ বচ্চনকে আগামী দিনে দেখা যাবে ‘কল্কি ২৮২৮ এডি’ সিনেমার সিক্যুয়েলে। এ সিনেমায় তার সঙ্গে রয়েছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস, কমল হাসান প্রমুখ।

এর আগে ২০২৪ সালে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার প্রথম অংশে অশ্বত্থামার ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। তার অভিনয় সমালোচকদের প্রশংসা লাভ করে এবং অনেকেই তার রূপান্তর ও অ্যাকশনের তারিফ করেন। এ সিনেমাটির প্রথম পর্ব বিশ্বব্যাপী এক হাজার কোটিরও বেশি আয় করেছিল। আর সিক্যুয়েল বর্তমানে নির্মাণাধীন।